সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : আরাবল্লী পাহাড় ও পর্বতমালার অভিন্ন সংজ্ঞা গ্রহণ করে গত ২০ নভেম্বর যে নির্দেশ দেওয়া হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট নিজেই তা স্থগিত করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর অবকাশকালীন বেঞ্চ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ ও সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এ কথা জানানো হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, কিছু বিষয় আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। আদালত এই মামলায় কেন্দ্র এবং অন্যান্যদের নোটিশ জারি করেছে। পরবর্তী শুনানির জন্য ২১ জানুয়ারি দিনটি ধার্য করা হয়েছে। গত ২০ নভেম্বর শীর্ষ আদালত আরাবল্লী পাহাড় এবং পর্বতশ্রেণীর একটি অভিন্ন সংজ্ঞা গ্রহণ করেছিল এবং বিশেষজ্ঞদের রিপোর্ট না আসা পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাট জুড়ে বিস্তৃত অঞ্চলে নতুন খনির ইজারা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল।
একে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, মোদী সরকারের আরাবল্লীর নতুন সংজ্ঞার বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশকে ভারতের জাতীয় কংগ্রেস স্বাগত জানায়। বিষয়টি এখন আরও বিস্তারিত ভাবে খতিয়ে দেখতে হবে। এ কথা মনে রাখা দরকার, বন সর্বেক্ষণ, সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটি এবং খোদ আদালতবন্ধুই এই নতুন সংজ্ঞার বিরোধিতা করেছেন।
No Comment! Be the first one.