ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শেয়ার বাজার, লাল নিশানায় সেনসেক্স ও নিফটি

সকাল-সকাল ডেস্ক

​নয়াদিল্লি: ঘরোয়া শেয়ার বাজারে শুক্রবার লেনদেনের শুরুতেই নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও পরবর্তী সময়ে নিচু স্তর থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। শুক্রবার বড়সড় পতনের মধ্য দিয়ে বাজার খুললে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। বিক্রেতাদের প্রবল চাপে সেনসেক্স ও নিফটি— উভয় সূচকই অনেকটা নিচে নেমে যায়। তবে প্রথম ১৫ মিনিটের অস্থিরতা কাটিয়ে ক্রেতারা শেয়ার কেনায় সক্রিয় হওয়ায় সূচকের পতন কিছুটা প্রশমিত হতে শুরু করে। সকাল ১০টা নাগাদ সেনসেক্স ০.৪২ শতাংশ এবং নিফটি ০.৪৯ শতাংশ পতনের মধ্যে লেনদেন করছিল।

​সকাল ১০টা পর্যন্ত হওয়া লেনদেনে বাজারের হেভিওয়েট শেয়ারগুলোর মধ্যে নেসলে, অ্যাপোলো হসপিটালস, টাটা কনজিউমার প্রোডাক্টস, আইটিসি এবং ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ ১.৫৯ শতাংশ থেকে ০.৭২ শতাংশ পর্যন্ত লাভের মুখ দেখেছে। বিপরীত দিকে, বড় পতনের মুখে পড়েছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, ইনফোসিস, জেএসডব্লিউ স্টিল এবং কোল ইন্ডিয়া। এই শেয়ারগুলো ১.৭০ শতাংশ থেকে ৪.২১ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে।

​বাজারের সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী, ২,৬৭২টি শেয়ারের মধ্যে সক্রিয় ট্রেডিং চলাকালীন ১,৩০৬টি শেয়ার মুনাফা অর্জন করে সবুজ নিশানায় ফিরলেও, ১,৩৬৬টি শেয়ার ক্ষতির সম্মুখীন হয়ে লাল নিশানাতেই থমকে ছিল। সেনসেক্সের ৩০টি প্রধান শেয়ারের মধ্যে ১১টি কেনার চাপে সবুজ নিশানায় থাকলেও বাকি ১৯টি শেয়ার ধুঁকছিল। একইভাবে নিফটি-র ৫০টি শেয়ারের মধ্যে ১৬টি ইতিবাচক এবং ৩৪টি নেতিবাচক অবস্থানে ছিল।

এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচকটি ৬১৯.০৬ পয়েন্ট কমে ৮১,৯৪৭.৩১ স্তরে খোলে। লেনদেন শুরুর পরপরই শেয়ার বিক্রির হিড়িক পড়ায় সূচকটি দ্রুত নিচে নামতে শুরু করে। তবে ১৫ মিনিট পর থেকেই লগ্নিকারীরা বাজারে ফেরায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে থাকে। তাসত্ত্বেও শুরুর দিকে সূচকটি লাল নিশানার উপরে উঠতে পারেনি। সকাল ১০টা পর্যন্ত কেনা-বেচার টানাপোড়েনের মাঝে সেনসেক্স ৩৪৬.৮৮ পয়েন্ট পিছিয়ে ৮২,২১৯.৪৯ স্তরে অবস্থান করছিল।

​অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৭১.৩৫ পয়েন্ট খুইয়ে ২৫,২৪৭.৫৫ স্তরে যাত্রা শুরু করে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই তা আরও পিছলে ২৫,২১৮.৯৫ স্তরে নেমে যায়। তবে ক্রেতাদের সক্রিয়তায় নিফটি নিচু স্তর থেকে ১০০ পয়েন্টের বেশি রিকভারি করে ২৫,৩২৩.১৫ পয়েন্ট স্পর্শ করতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিফটি ১২৪.৫০ পয়েন্টের পতনের সঙ্গে ২৫,২৯৪.৪০ স্তরে লেনদেন করে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More