দক্ষিণ আফ্রিকার ডারবানে সড়ক দুর্ঘটনা, মৃত ১১

সকাল-সকাল ডেস্ক

ডারবান (দক্ষিণ আফ্রিকা)। দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনাটি ক্য়াজুলু-নাটাল প্রদেশে ঘটেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধার ও ত্রাণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

দ্য সাউথ আফ্রিকান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, একটি ট্রাক ও একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন প্রাণ হারান। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, এখনও কয়েকজন যাত্রী মিনি বাসের ভিতরে আটকে রয়েছেন।

স্কাই নিউজ-এর রিপোর্ট অনুযায়ী, স্থানীয় পরিবহণ দপ্তরের আধিকারিক সিবোনিসো ডুমা দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে মিনি বাসের চালকও আছেন। উল্লেখ্য, এই ঘটনার এক সপ্তাহ আগেই জোহানেসবার্গে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন স্কুলপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছিল।

Read More News

Read More