সকাল সকাল ডেস্ক,
মুম্বই : মহারাষ্ট্রের রাজনীতিতে এক বড়সড় রদবদল ঘটিয়ে এনসিপি (অজিত পওয়ার) গোষ্ঠীর বিধায়ক দলের নেত্রী হিসেবে নির্বাচিত হলেন সুনেত্রা পওয়ার। উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের অকাল প্রয়াণের পর দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান ঘটল। শনিবার মুম্বইয়ের বিধান ভবনে আয়োজিত এনসিপি বিধায়কদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে সুনেত্রা পওয়ারকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রবীণ নেতা দিলীপ ওয়ালসে পাতিল তাঁর নাম প্রস্তাব করেন এবং ছগন ভুজবল সেই প্রস্তাবে সমর্থন জানান।
বর্তমানে রাজ্যসভার সাংসদ সুনেত্রা পওয়ার পরিষদীয় নেত্রী নির্বাচিত হওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে এদিন বিকেলে শপথ নিতে চলেছেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস আগেই স্পষ্ট করেছিলেন যে, অজিত পওয়ারের পরিবার ও দলের নেওয়া যেকোনো সিদ্ধান্তকে বিজেপি ও মহাযুতি জোট পূর্ণ সমর্থন জানাবে।
No Comment! Be the first one.