সকাল সকাল ডেস্ক
বেঙ্গালুরু : বেঙ্গালুরু গ্রামীণ জেলায় শুক্রবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। হোসাকোটে তালুকের এম. সত্যবর গ্রাম সংলগ্ন হোসাকোটে-দেবানাহাল্লি জাতীয় সড়কে একটি এসইউভি, একটি মোটরবাইক ও একটি লরির মধ্যে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসইউভি-তে ছয় জন যাত্রী ছিলেন এবং মোটরবাইকে ছিলেন একজন আরোহী। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুতগতির এসইউভি প্রথমে সামনে চলা মোটরবাইকটিকে ধাক্কা মারে। এর পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় এসইউভি-র যাত্রীরা ও মোটরবাইক আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ। মৃতদের মধ্যে ছয় জন বেঙ্গালুরুর কোঠানুর এলাকার বাসিন্দা বলে জানা গেলেও, সকলের পরিচয় যাচাইয়ের কাজ এখনও চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার চন্দ্রকান্ত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি জাতীয় সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার সময় কেউ মত্ত হয়ে যানবাহন চালাচ্ছিল কি না এবং অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
No Comment! Be the first one.