মদ ভেবে বিষাক্ত রাসায়নিক পান, ভিলওয়ারায় একই পরিবারের চারজনের মৃত্যু

সকাল সকাল ডেস্ক

ভিলওয়ারা : রাজস্থানের ভিলওয়ারা জেলার গঙ্গাপুর থানার অন্তর্গত আলুলি গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠানে কাজ শেষে বাড়ি ফিরে মদ ভেবে বাসন পরিষ্কারের বিষাক্ত রাসায়নিক পান করেন কয়েকজন শ্রমিক। এই ঘটনায় তিন মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক তরুণী।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, আলুলি গ্রামের বাসিন্দা রতন কাঞ্জার, তাঁর স্ত্রী সুশীলা দেবী, এছাড়া জামনি দেবী এবং বাদামি দেবী একটি বিয়েবাড়িতে বাসন ধোয়ার কাজ করছিলেন। অনুষ্ঠানে ব্যবহৃত বাসন পরিষ্কারের জন্য আনা রাসায়নিক ভুল করে মদের বোতল ভেবে তাঁরা বাড়িতে নিয়ে যান এবং তা পান করেন। কিছুক্ষণের মধ্যেই তাঁদের অসুস্থতা বাড়তে থাকে।

গঙ্গাপুর ও ভিলওয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃতদের পাকস্থলীতে বিষাক্ত তরল পাওয়া গেছে। চূড়ান্ত কারণ জানতে ফরেনসিক পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। একসঙ্গে একই পরিবারের একাধিক জনের মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Read More News

Read More