নেপালে শুরু নির্বাচনী প্রচার , তুঙ্গে উঠবে রাজনৈতিক তৎপরতা

সকাল সকাল ডেস্ক

কাঠমাণ্ডু : নেপালে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলা প্রতিনিধি সভার নির্বাচনকে কেন্দ্র করে সোমবার থেকে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এদিন থেকে সব প্রার্থী ও রাজনৈতিক দলগুলি তাঁদের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। নেপালের নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ঠিক ১৫ দিন আগে থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারের অনুমতি দেওয়া হয়।

এই সময়সীমার মধ্যে দলগুলি মিছিল, জনসভা ও রোড-শো আয়োজন করতে পারবে। সেই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রচারমাধ্যমে নির্বাচনী বিজ্ঞাপন প্রচারেরও সুযোগ থাকবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া এই প্রচার অভিযান চলবে আগামী ২ মার্চ রাত ১২টা পর্যন্ত। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। তাই প্রচারের সময় কেউ যেন বিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য, বিভ্রান্তিকর সংবাদ এবং বিদ্বেষমূলক প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।

Read More News

Read More