রুটের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ওয়ান’ডে সিরিজ ইংল্যান্ডের
সকাল সকাল ডেস্ক। কার্ডিফ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিচি কার্টির সেঞ্চুরিতে ৩০৮ রান করেও ওয়েস্ট ইন্ডিজ হার এড়াতে পারলো না। জো রুটের রেকর্ডগড়া শতকের উপর ভর করে জয় পেল ইংল্যান্ড। তাতে এক ম্যাচ হাতে রেখেই রবিবার সিরিজ জিতে নিল স্বাগতিকরা। কার্ডিফে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার জুয়েল অ্যান্ড্রু আউটের পর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান কেসি কার্টি এবং ব্রেন্ডন কিং। দুইজন মিলে ১৪১ রানের জুটি গড়েন। কিং ৫৯ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে কার্টি ১০৫ বলে ১০৩ রানে থামেন। এটি তার কেরিয়ারের তৃতীয় শতক। কার্টির বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৩০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সাকিব মাহমুদ ৯.৪ ওভারে মাত্র ৩৭ রানে ৩টি উইকেট নেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে। তবে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক।এই জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ব্রুক ৪৭ রান করে ফিরে যাওয়ার পরেই ইংল্যান্ড তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জস বাটলারকেও হারায়। বাটলার কোন রান করতে পারেননি। এরপর চতুর্থ উইকেটে রুটের সাথে ৪০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন জ্যাকব বেথেল। এরপর ১২২ বলে ১৪৩ রানের ঝড়ো জুটি গড়েন রুট ও উইল জ্যাকস। জ্যাকস ৫৮ বলে ৪৯ রান করে আউট হন। অপরদিকে সেঞ্চুরি করেন রুট। ১৩৯ বলে ১৬৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আদিল রশিদকে নিয়ে ৭ বল বাকি থাকতেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন রুট। এদিকে শতক হাঁকানোর দিন ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। ওয়ানডে ক্রিকেটে তিনিই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
মুম্বইকে হারিয়ে আইপিএলের ফাইনালে পঞ্জাব, দেখা মিলবে নতুন চ্যাম্পিয়নের
সকাল সকাল ডেস্ক। মুম্বই: আইপিএলের কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে গেল পঞ্জাব কিংস। রবিবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ উইকেটে জয় পায় পঞ্জাব। জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। ফাইনালে পঞ্জাবের প্রতিপক্ষ বেঙ্গালুরু। ফলে এবারের আইপিএলে দেখা মিলবে নতুন এক চ্যাম্পিয়নের। আহমেদাবাদে টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠায় পঞ্জাব। শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। দলীয় ১৯ রানে রোহিতকে হারায় মুম্বই। এরপর দলের হাল ধরেন জনি বেয়ারস্টো এবং তিলক বর্মা। দু’জনের ব্যাটে এগোতে থাকে মুম্বই। তবে বেয়ারস্টোকে তুলে নেন বিজয়কুমার।ভেঙে যায় ৫১ রানের জুটি। এরপর সূর্যকুমারকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন তিলক বর্মা। কিন্তু তিন বলের মধ্যে মুম্বই হারায় তিলক ও সূর্যকে। দুইজনই ৪৪ রান করে আউট হন। শেষ দিকে নামান ধীরের ১৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ফলে মুম্বই করে ৬ উইকেটে ২০৩ রান। পঞ্জাবের হয়ে ২ উইকেট নেন ওমারজাই,একটি করে উইকেট পেয়েছেন জেমিসন, স্টয়নিস, চাহাল এবং বিজয়কুমার। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রভসিমরন সিংকে হারায় পঞ্জাব। এরপর ইংলিশ ও আরিয়া বড় জুটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের জুটি ভেঙ্গে দেন অশ্বনী কুমার। আরিয়ার উইকেট তুলে নেন তিনি। কিছুক্ষণ পর ৩৮ রান করে জস ইংলিশও বিদায় নেন হার্দিক পান্ডিয়ার বলে । পঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ৭২ রানে ৩ উইকেট। এরপর নেহাল ওয়াধেরাকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুইজনের মারকুটে ব্যাটিংয়ে লক্ষ্যটা সহজ হয়ে যায় পঞ্জাবের। ওয়াধেরা ২৯ বলে ৪৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে আক্রমাত্মক ব্যাটিং করে অধিনায়ক আইয়ার দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আইয়ার ৪১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। পঞ্জাব জয় পায় ৫ উইকেটে। মুম্বইয়ের হয়ে ২ উইকেট পেয়েছেন অশ্বনী কুমার মঙ্গলবার ফাইনালে আইয়ারদের প্রতিপক্ষ কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পায়নি। ফলে এবারের ফাইনালে যে দলই জিতুক আইপিএল পেয়ে যাবে নতুন চ্যাম্পিয়ন।
শনিবার পিএসজি বনাম ইন্টার: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
সকাল সকাল ডেস্ক। মিউনিখ : পিএসজি এবং ইন্টারের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ৩১ মে (ভারতীয় সময় ১ জুন) মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় অনুষ্ঠিত হবে। উভয় দলের হেড-টু-হেড রেকর্ড: পিএসজি এবং ইন্টার চ্যাম্পিয়নস লিগে কখনও একে অপরের মুখোমুখি হয়নি। প্রথমবারের মতো উভয় দল একে অপরের মুখোমুখি হবে ফাইনালে। তাই এই লড়াইটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হলে প্যারিস সেন্ট-জার্মেইন ( পিএসজি) তাদের প্রথম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিশ্চিত করার চেষ্টা করবে। পিএসজি ২০২০ সালে তাদের প্রথম এবং একমাত্র ফাইনালে পৌঁছেছিল, কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। অন্যদিকে, ইন্টার ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছিল। এবার ইন্টারের লক্ষ্য থাকবে চতুর্থ ইউরোপীয় ট্রফি জয়ের দিকে। প্যারিস সেন্ট-জার্মেইন বনাম ইন্টার মিলান উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কখন শুরু হবে? ফাইনাল ম্যাচটি ১ জুন, রবিবার, জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে। আর ম্যাচটি ৩১ মে, শনিবার, মিউনিখে রাত ৯:০০ টায় শুরু হবে।
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান
সকাল সকাল ডেস্ক। লাহোর : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হারল বাংলাদেশ। শুক্রবার রাতে পাকিস্তানের দেওয়া ২০২ তাড়া করতে নেমে ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান সেই সঙ্গে তারা জিতে নিল সিরিজও। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান খেলেন ৪৭ বলের ঝোড়ো ইনিংস, ১৮০ স্ট্রাইকরেটে করেন ৭৪ রান। তার এই রানের ওপর ভর করেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। আর হাসান নাওয়াজ করেন ৫১, মহম্মদ হারিস ৪১ ও সালমান আগা ১৯ রান। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাহিবজাদা ফারহান। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ থেমে যায় ১৪৪ রানে। বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য রান করেন তানজিদ হাসান ৩৩। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া হাসান আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, সাদাব খান, খুশদিল শাহ ও সাইম আয়ুব পেয়েছেন একটি করে উইকেট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। সেবারও পাকিস্তান করেছিল ২০১ রান। সেই রানের জবাব দিতে গিয়ে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। ফলে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।
আইপিএল এলিমিনেটর প্রিভিউ: গুরুত্বপূর্ণ তারকাদের ছাড়াই লড়াইয়ে নামছে গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্স
শুক্রবার আইপিএলের ১৮তম আসরে গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্স মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে এলিমিনেটরে খেলতে নামছে।
টাইটানস ইতিমধ্যে দুটি ফাইনালে উঠেছে, ২০২২ সালে শিরোপা জিতেছে এবং পরের বছর রানার্স–আপ হয়েছে। এদিকে, এমআই আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি – তারা পাঁচটি শিরোপা চেন্নাই সুপার কিংসের সাথে যৌথভাবে সর্বোচ্চ।
৯০.২৩ মিটার ছুঁয়ে দোহায় ডায়মন্ড লিগে ইতিহাস গড়লেন নীরজ
সকাল সকাল ডেস্ক। দোহা : ৯০.২৩ মিটার ছুঁয়ে শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। দীর্ঘ প্রতীক্ষিত ৯০ মিটারের সীমানা অতিক্রম করেছেন তিনি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি প্রথম ভারতীয় হিসেবে এবং সামগ্রিকভাবে ২৫তম অ্যাথলিট হিসেবে ৯০ মিটারের ক্লাবে প্রবেশ করেছেন। তবে এদিন প্রতিযোগিতায় জার্মানির জুলিয়ান ওয়েবারের ৯১.০৬ মিটারের চূড়ান্ত থ্রোর কাছে হেরে নীরজকে রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবুও নীরজের এই ঐতিহাসিক কৃতিত্ব এর জন্য ধন্যবাদ জানাতেই হবে। ২৭ বছর বয়সী নীরজ চোপড়া টোকিও ২০২০-তে স্বর্ণ এবং প্যারিস ২০২৪-এ রৌপ্য পদক জিতেছিলেন। দোহার কাতার স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করেন তিনি। তার প্রথম থ্রোটি ছিল ৮৮.৪৪ মিটার, যা বিশ্বের শীর্ষস্থানীয় থ্রো হিসেবে তাকে প্রথম রাউন্ডে শীর্ষে রাখে। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ফাউল করলেও, তৃতীয় থ্রোতে তিনি ৯০.২৩ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে নিজের পূর্বের জাতীয় রেকর্ড (৮৯.৯৪ মিটার, স্টকহোম ডায়মন্ড লিগ ২০২২) ভেঙে দেন। এই থ্রো করে তিনি এশিয়ার তৃতীয় অ্যাথলিট কিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (৯২.৯৭ মিটার) এবং চিনের চাও-সুন চেং (৯১.৩৬ মিটার)-এর পাশাপাশি ৯০ মিটারের ক্লাবে নাম লেখালেন।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: রবিবার ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের সঙ্গে
সকাল সকাল ডেস্ক। ইউপিয়া : ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমি-ফাইনালে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ভারত ফাইনালে উঠেছে। আগামী রবিবার একই ভেন্যুতে সেরা হওয়ার লড়াইয়ে নামবে ভারত ও বাংলাদেশ। টানা ৩ জয়ে ফাইনালের মঞ্চে এসেছে স্বাগতিকরা। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশও, তবে ৩ ম্যাচে তাদের জয় দুটি, একটি ড্র। অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারত আক্রমণাত্মক ছন্দে খেলছে। বলের দখল, পাসিং, প্রেসিং সব ক্ষেত্রেই মালদ্বীপের উপর দাপট দেখিয়েছে। ম্যাচের ১৪ মিনিটেই আসে প্রথম গোল। ড্যানি মেইতেই লাইশরাম গোলটি করেন। এটি ছিল মেইতেইয়ের টুর্নামেন্টে পঞ্চম গোল। ২১ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। গোলটি করেন ওমাং দোদাম। প্রথমার্ধে দুটি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দ্বিতীয়ার্ধে, কিন্তু ভারতের শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপার সুরজ সিং আহেইবামর দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে হঠাৎ শুরু হয় বৃষ্টি। কিন্তু এই প্রতিকূল আবহাওয়াকেও কাজে লাগিয়ে ভারত ম্যাচের ৬৫ মিনিটে দলের তৃতীয় ও শেষ গোলটি পায়। দুর্দান্ত একটি দূরপাল্লার শটে জালে বল পাঠান প্রশান্ত জাজো।
স্প্যানিশ ফুটবল: শেষ মিনিটের গোলে অবিশ্বাস্য জয় পেল রিয়াল মাদ্রিদ
সান্তিয়াগো: সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে লিগ ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ বার্সিলোনার বিরুদ্ধে।
শেষ মিনিটের গোলে অবিশ্বাস্য জয় পেয়ে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের ক্ষীণ আশা বেঁচে রইল। আর এদিন জিততে পারলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সিলোনার। কিন্তু হান্সি ফ্লিকের দলের অপেক্ষা একটু বাড়ল।
ছয় গোলের ম্যাচে মেসি গোলশূন্য, পয়েন্ট হারাল ইন্টার মায়ামি
সান জোস:ম্যাচজুড়েই ছিল গোলের উৎসব। দুটো দলই তিনটি তিনটি করে গোল করেছে। অর্থাৎ মঙ্গলবার সান হোসের বিপক্ষে মেজর সকার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। আগের ম্যাচেই মায়ামি মিনেসোটার কাছে ৪-১ গোলে হেরেছিল। এবার মঙ্গলবারও তাদের পয়েন্ট হারাতে হলো। কিন্তু ৬ গোলের ম্যাচে সুপারস্টার লিওনেল মেসি গোল করতে পারেননি ।
থাইল্যান্ড ওপেন ২০২৫: উন্নাতি হুডা, মালবিকা বনসোদ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়
ব্যাংকক: বৃহস্পতিবার সুপার ৫০০ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উচ্চতর র্যাঙ্কিং শাটলারদের কাছে সরাসরি গেমে পরাজিত হওয়ার পর থাইল্যান্ড ওপেন থেকে বেরিয়ে গেলেন ভারতীয় শাটলার উন্নাতি হুডা এবং মালবিকা বনসোদ। ১৭ বছর বয়সী উন্নাতি, ২০২২ ওড়িশা মাস্টার্স এবং ২০২৩ আবুধাবি মাস্টার্স বিজয়ী, থাইল্যান্ডের শীর্ষ বাছাই পর্ণপাউই চোচুওংয়ের সঙ্গে কোনও প্রতিযোগিতা করতে পারেননি, মাত্র ৩৯ মিনিটে ১৪-২১, ১১-২১ ব্যবধানে হেরে যান।