বাজেট ২০২৬ : সস্তা হচ্ছে মদ-বিড়ি, বিদেশিদের কর ছাড় ও আয়কর প্রক্রিয়ায় বড় বদল

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে রাজকোষ এর ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যা বর্তমান অর্থবর্ষে ৪.৮ শতাংশ ছিল। এবারের বাজেটে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের দাম কমানোর পাশাপাশি কর প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় জানান যে, আগামী অর্থবর্ষে মদ ও বিড়ি সস্তা হতে চলেছে। এর পাশাপাশি জুতো, রফতানি করা পোশাক এবং ব্যাটারির দামও কমবে। স্বাস্থ্য ক্ষেত্রে বড় স্বস্তি দিয়ে ক্যানসারের ১৭টি ওষুধ এবং ৭টি বিরল রোগের ওষুধের দাম কমানোর কথা জানানো হয়েছে। জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পরিবেশবান্ধব পরিবহণে উৎসাহ দিতে সিএনজি ও বায়োগ্যাসের দাম কমানোর ঘোষণাও করা হয়েছে, যা সিএনজি চালিত যানবাহনের মালিকদের স্বস্তি দেবে।

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman, addressed a post-Budget press conference at the National Media Centre, in New Delhi on February 01, 2026.

আয়কর ব্যবস্থার সরলীকরণ নিয়ে অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এখন থেকে ইনকাম ট্যাক্স রিটার্নে ভুলভ্রান্তি হলে আর জেল বা শাস্তির মুখে পড়তে হবে না; পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের আয় গোপন করেন, সেক্ষেত্রে তাঁর থেকে ৩০ শতাংশ কর নেওয়া হবে, কিন্তু কোনও কারাদণ্ড দেওয়া হবে না।

বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করে সীতারামন জানান, ভারতে পাঁচ বছর পর্যন্ত বসবাসকারী বিদেশি নাগরিকরা তাঁদের ভারতের বাইরের আয়ের ওপর কর ছাড় পাবেন। এছাড়া ভারতের ডেটা সেন্টার ব্যবহারকারী বিদেশি ক্লাউড কোম্পানিগুলোকে ২০৪৭ সাল পর্যন্ত ‘ট্যাক্স হলিডে’ বা কর অবকাশ দেওয়া হবে।

ক্ষুদ্র করদাতাদের স্বস্তি দিতে নিয়ম-ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা শুরু করা হচ্ছে। এর মাধ্যমে অ্যাসেসিং অফিসারের কাছে আবেদন না করেই কম বা শূন্য টিডিএস শংসাপত্র পাওয়া যাবে। এছাড়া অনিবাসী ভারতীয়দের সম্পত্তি বিক্রির ক্ষেত্রে টিডিএস নিয়মে বদল আনা হয়েছে। এখন থেকে বাসিন্দা ক্রেতাই এই কর কাটবেন এবং তার জন্য কোনো আলাদা ‘ট্যাক্স অ্যাকাউন্ট নম্বর’ -এর প্রয়োজন হবে না।

Read More News

Read More