সংসদের বিশেষ অধিবেশন চাইছেন বিরোধীরা, ইন্ডি জোটের বৈঠকে ঐক্যমত্য
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : সংসদের বিশেষ অধিবেশন চাইছেন বিরোধীরা, ইন্ডি জোটের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন বিরোধী দলের সাংসদরা। মঙ্গলবার ইন্ডি জোটের বৈঠকের পর তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বলেছেন, “১৬টি দল প্রধানমন্ত্রীকে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবিতে চিঠি লিখেছে। চিঠিতে পুঞ্চ, উরি, রাজৌরি এবং সংসদে অবাধ আলোচনার কথা বলা হয়েছে। সরকার সংসদের কাছে দায়ী; সংসদ জনগণের কাছে দায়ী। সেই কারণেই আমরা সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে চিঠি লেখা দলগুলি হল ভারতীয় জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, এআইটিসি, ডিএমকে, শিবসেনা (ইউবিটি), আরজেডি, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, সিপিআই (এম), আইইউএমএল, সিপিআই, আরএসপি, জেএমএম, ভিসিকে, কেরালা কংগ্রেস, এমডিএমকে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন। এএপি আগামীকাল সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে।” ইন্ডি জোটের বৈঠকের পর, সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব বলেন, “আমরা জানতে চাই কোন কোন দেশ আমাদের সমর্থন করেছে। ভারতের সমর্থনে একটিও দেশ এগিয়ে আসেনি। এটা উদ্বেগজনক। আমরা কূটনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। জনসাধারণ মনে করছে, আমাদের যুদ্ধবিরতিতে বাধ্য করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর সারা বিশ্বে দেশের সম্মান কমে গেছে।”
ভাষা বিতর্কে অস্বস্তিতে কমল হাসান, অভিনেতাকে ভর্ৎসনা আদালতের
সকাল সকাল ডেস্ক। বেঙ্গালুরু : ‘আপনি ইতিহাসবিদ?’ অভিনেতা কমল হাসানকে তীব্র ভর্ৎসনা করল কর্নাটক হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, তিনি অভিনেতা হতে পারেন, কিন্তু কারও ভাবাবেগে আঘাত করার অধিকার নেই। সম্প্রতি তামিল থেকে কন্নড় ভাষার জন্ম বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তারপরই কর্নাটকে তাঁর ছবি নিষিদ্ধ করা হয়। পাল্টা আদালতে গিয়েছিলেন তিনি। সেখানেই শুনতে হল এই কথা। কর্নাটক হাইকোর্ট অভিনেতাকে তিরস্কার করে বলেছে, ‘আপনি ইতিহাসবিদ?’।
দেশে কোভিডে মৃত্যু বেড়ে ৩৭, ভয় ধরাচ্ছে নতুন সংক্রমণ
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। অন্যদিকে, মঙ্গলবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,০২৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। তবে একদিনে একসঙ্গে একাধিক কোভিড আক্রান্তের মৃত্যু ভয় ধরাচ্ছে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে গুজরাটে। সেখানে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। অন্যদিকে, কেবল গুজরাটে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ৩৭২। এর পরেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির তালিকায় রয়েছে কর্নাটক। সেখানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের শরীরে কোভিড-১৯ এর সন্ধান মিলেছে। তবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যার নিরিখে প্রথম স্থানে কেরল। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৬ জন। এর পরই স্থান মহারাষ্ট্রের। মঙ্গলবার সে রাজ্যে করোনা আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৪ জন। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট, চতুর্থ দিল্লি। সেখানে যদিও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেশ কয়েক জন রোগী সেরে ওঠায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯৩।
লিগার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ফ্লিক
সকাল সকাল ডেস্ক। বার্সেলোনা : কাতালান ক্লাবটিকে শিরোপা জিতিয়ে লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন হান্সি ফ্লিক। ফ্লিকের কোচিংয়ে এবার ঘরোয়া ফুটবলে দুর্দান্ত এক মরসুম কাটাল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই রাউন্ড বাকি থাকতে থাকতেই শিরোপার নিশ্চিত করেছে তারা। আসরে ৩৮ ম্যাচে দলটি করেছে ১০২ গোল। ইউরোপের শীর্ষ ৫ লিগে এবারের মরসুমে যা হয়েছে সর্বোচ্চ। চলতি মরসুমে ৩ বার মাস সেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক। কার্লো আনচেলত্তি, দিয়েগো সিমেওনেদের মতো অভিজ্ঞ ও খ্যাতিমান কোচদের পেছনে ফেলে বার্সেলোনায় নিজের প্রথম মরসুমেই জিতে নিলেন বর্ষসেরার পুরস্কার।
ডিআরআই ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় শক্তিশালী স্তম্ভ : নির্মলা সীতারমন
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার দিল্লিতে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সদর দফতরের নতুন ভবন উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জাতীয় অর্থনৈতিক অগ্রগতির মূল অভিভাবক। চোরাচালান, মাদক পাচার অথবা অবৈধ বাণিজ্যের মতো ঝুঁকি থেকে দেশকে রক্ষা করার ক্ষেত্রে ডিআরআই-এর ভূমিকা তুলে ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন বলেন, ডিআরআই ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় একটি শক্তিশালী স্তম্ভ।
দেশে ফিরলো কানিমোঝির নেতৃত্বাধীন প্রতিনিধি দল
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : দেশে ফিরে এল ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অপারেশন সিঁদুরের উপর বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে রাশিয়া, স্লোভেনিয়া, গ্রীস, লাতভিয়া এবং স্পেন সফর শেষে ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল মঙ্গলবার দেশে ফিরেছে। ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে এই প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, বিজেপি সাংসদ ক্যাপ্টেন ব্রিজেশ চৌতা (অবসরপ্রাপ্ত), এএপি সাংসদ অশোক কুমার মিত্তল, আরজেডি সাংসদ প্রেম চাঁদ গুপ্ত এবং রাষ্ট্রদূত মঞ্জীব এস পুরি।
‘সনাতনী শর্মিষ্ঠা’র মুক্তির প্রচারের মাত্রা বাড়ানোর আর্জি সুকান্তর
সকাল সকাল ডেস্ক। কলকাতা : “আপনাদের সামাজিক মাধ্যম জুড়ে চলুক সংগঠিত মিলিত আওয়াজ, ‘সনাতনী শর্মিষ্ঠার মুক্তি চাই।’ সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “১৩ জুন হাইকোর্টে সনাতনী হিন্দু বোন শর্মিষ্ঠার মামলার শুনানি হবে। ৩০ শতাংশকে হারাতে হবে, ৩০ শতাংশকে বোঝাতে হবে সনাতনী হিন্দুদের ক্ষমতা।” প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’-এর পক্ষে সামাজিক মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে ‘সাম্প্রদায়িক মন্তব্য’ করেছেন পুণের আইন পড়ুয়া শর্মিষ্ঠা পানোলি। এমনই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তথাগত রায়, অগ্নিমিত্রা পাল প্রমুখ নেতৃবৃন্দ। বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়া বানানোর চেষ্টা করবেন না।’
বিহারে এনডিএ সরকার গঠন করবে, আশাবাদী শিবরাজ
সকাল সকাল ডেস্ক। পূর্ব চম্পারণ : বিহারে ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ সরকার গঠন করবে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ২০২৬ সালে, এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে সরকার গঠন করবে বিহারে। আগামী বছরই বিহারে নির্বাচন। প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “বিহারে এনডিএ সরকার গঠন করবে। ২০২৬ সালে, এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে সরকার গঠন করবে।” অপারেশন সিঁদুর প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “আমাদের বাহিনীর বীরত্ব এবং নেতৃত্বের কৌশলকে আমি কুর্নিশ জানাই। সমগ্র দেশ গর্বিত। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও রাজনৈতিক দল থাকা উচিত নয়। দুর্ভাগ্যবশত, কংগ্রেস এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলছে। তাঁরা পাকিস্তানের ভাষা বলছে… রাজনৈতিক লাভের জন্য, তারা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করার সময় দেশের বিরোধিতা শুরু করেছে… দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।”
রুটের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ওয়ান’ডে সিরিজ ইংল্যান্ডের
সকাল সকাল ডেস্ক। কার্ডিফ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিচি কার্টির সেঞ্চুরিতে ৩০৮ রান করেও ওয়েস্ট ইন্ডিজ হার এড়াতে পারলো না। জো রুটের রেকর্ডগড়া শতকের উপর ভর করে জয় পেল ইংল্যান্ড। তাতে এক ম্যাচ হাতে রেখেই রবিবার সিরিজ জিতে নিল স্বাগতিকরা। কার্ডিফে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার জুয়েল অ্যান্ড্রু আউটের পর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান কেসি কার্টি এবং ব্রেন্ডন কিং। দুইজন মিলে ১৪১ রানের জুটি গড়েন। কিং ৫৯ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে কার্টি ১০৫ বলে ১০৩ রানে থামেন। এটি তার কেরিয়ারের তৃতীয় শতক। কার্টির বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৩০৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সাকিব মাহমুদ ৯.৪ ওভারে মাত্র ৩৭ রানে ৩টি উইকেট নেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে। তবে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক।এই জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ব্রুক ৪৭ রান করে ফিরে যাওয়ার পরেই ইংল্যান্ড তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জস বাটলারকেও হারায়। বাটলার কোন রান করতে পারেননি। এরপর চতুর্থ উইকেটে রুটের সাথে ৪০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন জ্যাকব বেথেল। এরপর ১২২ বলে ১৪৩ রানের ঝড়ো জুটি গড়েন রুট ও উইল জ্যাকস। জ্যাকস ৫৮ বলে ৪৯ রান করে আউট হন। অপরদিকে সেঞ্চুরি করেন রুট। ১৩৯ বলে ১৬৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আদিল রশিদকে নিয়ে ৭ বল বাকি থাকতেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন রুট। এদিকে শতক হাঁকানোর দিন ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। ওয়ানডে ক্রিকেটে তিনিই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
মুম্বইকে হারিয়ে আইপিএলের ফাইনালে পঞ্জাব, দেখা মিলবে নতুন চ্যাম্পিয়নের
সকাল সকাল ডেস্ক। মুম্বই: আইপিএলের কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে গেল পঞ্জাব কিংস। রবিবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ উইকেটে জয় পায় পঞ্জাব। জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। ফাইনালে পঞ্জাবের প্রতিপক্ষ বেঙ্গালুরু। ফলে এবারের আইপিএলে দেখা মিলবে নতুন এক চ্যাম্পিয়নের। আহমেদাবাদে টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠায় পঞ্জাব। শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। দলীয় ১৯ রানে রোহিতকে হারায় মুম্বই। এরপর দলের হাল ধরেন জনি বেয়ারস্টো এবং তিলক বর্মা। দু’জনের ব্যাটে এগোতে থাকে মুম্বই। তবে বেয়ারস্টোকে তুলে নেন বিজয়কুমার।ভেঙে যায় ৫১ রানের জুটি। এরপর সূর্যকুমারকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন তিলক বর্মা। কিন্তু তিন বলের মধ্যে মুম্বই হারায় তিলক ও সূর্যকে। দুইজনই ৪৪ রান করে আউট হন। শেষ দিকে নামান ধীরের ১৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ফলে মুম্বই করে ৬ উইকেটে ২০৩ রান। পঞ্জাবের হয়ে ২ উইকেট নেন ওমারজাই,একটি করে উইকেট পেয়েছেন জেমিসন, স্টয়নিস, চাহাল এবং বিজয়কুমার। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রভসিমরন সিংকে হারায় পঞ্জাব। এরপর ইংলিশ ও আরিয়া বড় জুটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের জুটি ভেঙ্গে দেন অশ্বনী কুমার। আরিয়ার উইকেট তুলে নেন তিনি। কিছুক্ষণ পর ৩৮ রান করে জস ইংলিশও বিদায় নেন হার্দিক পান্ডিয়ার বলে । পঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ৭২ রানে ৩ উইকেট। এরপর নেহাল ওয়াধেরাকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুইজনের মারকুটে ব্যাটিংয়ে লক্ষ্যটা সহজ হয়ে যায় পঞ্জাবের। ওয়াধেরা ২৯ বলে ৪৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে আক্রমাত্মক ব্যাটিং করে অধিনায়ক আইয়ার দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আইয়ার ৪১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। পঞ্জাব জয় পায় ৫ উইকেটে। মুম্বইয়ের হয়ে ২ উইকেট পেয়েছেন অশ্বনী কুমার মঙ্গলবার ফাইনালে আইয়ারদের প্রতিপক্ষ কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পায়নি। ফলে এবারের ফাইনালে যে দলই জিতুক আইপিএল পেয়ে যাবে নতুন চ্যাম্পিয়ন।