সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : ভারত–অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি (ইসিটিএ) অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার ট্যারিফ লাইনের ওপর ১০০ শতাংশ শুল্ক শূন্য হয়ে যাবে। এর ফলে অস্ট্রেলিয়ায় ভারতীয় রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই পদক্ষেপে ভারতের শ্রমনির্ভর খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। এদিকে দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তৃতীয় বার্ষিকীও উদযাপন করছে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, “গত তিন বছরে এই চুক্তির ফলে ধারাবাহিকভাবে রপ্তানি বৃদ্ধি, উন্নত বাজারে প্রবেশাধিকার এবং শক্তিশালী সরবরাহ-শৃঙ্খল স্থিতিস্থাপকতা অর্জিত হয়েছে। এর মাধ্যমে ভারতীয় রপ্তানিকারক, এমএসএমই, কৃষক ও শ্রমিক—সকলেই উপকৃত হয়েছেন।”
তিনি আরও জানান, ২০২৫ সালের এপ্রিল থেকে নভেম্বর সময়কালে রত্ন ও গহনা রপ্তানি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জৈব পণ্যের ক্ষেত্রে পারস্পরিক স্বীকৃতি চুক্তি (এমআরএ) স্বাক্ষরিত হওয়ায় নিরবচ্ছিন্ন বাণিজ্য সম্ভব হয়েছে এবং রপ্তানিকারকদের জন্য সম্মতি-সংক্রান্ত ব্যয় কমেছে। গোয়েল বলেন, ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (সিইসিএ) নিয়ে আলোচনা যত এগোচ্ছে, ততই ভারত–অস্ট্রেলিয়া ইসিটিএ ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘উন্নত ভারত ২০৪৭’-এর লক্ষ্যকে সমর্থন করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে। এর মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া একসঙ্গে যৌথ সমৃদ্ধি ও বিশ্বাসযোগ্য বাণিজ্যের ভবিষ্যৎ গড়ে তুলছে।
No Comment! Be the first one.