পানাপুকুরে উল্টে গেল পুলকার, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল ১৪ জন পড়ুয়া

সকাল সকাল ডেস্ক

মহিষাদল : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ১৪ জন স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলের পুলকার পানা ভর্তি পুকুরে উল্টে যায়। জানা গিয়েছে, মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে শিশুদের নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে সটান উল্টে পড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি জলে ডুবে যেতে শুরু করলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

দুর্ঘটনা প্রত্যক্ষ করেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীরাই জানলার কাচ ভেঙে এবং দরজা খুলে একে একে ১৪ জন শিশু পড়ুয়াকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সব শিশুই বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে। ঘটনায় পুলকার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Read More News

Read More