সকাল সকাল ডেস্ক
শিলং : মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ এবং আহতের সংখ্যা নয় (৯)। অভিশপ্ত খনি থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার হওয়ার পর এই তথ্য জানিয়েছে পুলিশ। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আজ সোমবার ঘোষণা করেছেন, অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ সংক্ৰান্ত ঘটনার তদন্ত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার পুলিশ সুপার বিকাশ কুমারের কাছে জানা গেছে, উমস্নগাট গ্রামের থাংস্কু এলাকায় চলমান বহু সংস্থার যৌথ তালাশি অভিযানে দেহগুলি উদ্ধার করা হয়। দুর্গম ভূপ্রকৃতি ও নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশের সমন্বয়ে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানান পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, খনিতে আটকে পড়াদের খোঁজ না পাওয়া পর্যন্ত তালাশি অভিযান চলবে। একই সঙ্গে মৃতদের পরিচয় নিশ্চিত করার কাজও চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিকাশ কুমার।
তিনি জানান, এই ঘটনায় খলিহরিয়াত থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন এবং বিস্ফোরক দ্রব্য আইন-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ইতিমধ্যে অবৈধ কয়লা খাদান এবং ডিনামাইট বিস্ফোফরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা যথাক্রমে জালাপেট পোর্ডুং গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সি ফরমার চিরমাং এবং সুতঙ্গা পোহওয়াইলং গ্রামের ৪২ বছর বয়সি শামেহি ওয়ার। পুলিশ সুপার জানান, বারবার নিষেধাজ্ঞা ও আদালতের বিধিনিষেধ থাকা সত্ত্বেও বেআইনি এ সব কার্যকলাপ চলতে থাকায় উদ্বেগ বেড়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশ সুপার বিকাশ কুমার।
No Comment! Be the first one.