কসবাকাণ্ডের পর হাইকোর্টের কড়া পদক্ষেপ: রাজ্যের সব কলেজ-ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ৩ জুলাই:
কসবা আইন কলেজের ছাত্রী ধর্ষণকাণ্ডের জেরে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের বার্তা দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে’র ডিভিশন বেঞ্চ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দিয়েছে।

আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ দ্রুত কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, বন্ধ করে দেওয়া ওই ঘরগুলিকে অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যদি বিশেষ প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রারের কাছে লিখিত অনুমতি নিতে হবে।

প্রসঙ্গত, গত ২৫ জুন কসবা আইন কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। এরপরই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে তিনি জানান, বর্তমানে রাজ্যের কোনও কলেজেই বৈধভাবে ছাত্র ইউনিয়ন গঠিত হয়নি। এমনকি তথ্য অধিকার আইনে (RTI) পাওয়া উত্তরেও উচ্চশিক্ষা দফতর তা স্বীকার করেছে। সেক্ষেত্রে ইউনিয়ন না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখার যৌক্তিকতাই বা কোথায়?

এই যুক্তিকে গুরুত্ব দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। আদালতের এই রায় শিক্ষামহলে চাঞ্চল্য তৈরি করেছে। অনেকের মতে, এই নির্দেশ কেবল কসবাকাণ্ডের প্রতিক্রিয়া নয়, দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়ন ঘিরে চলা দখলদারি ও অরাজকতার বিরুদ্ধেও কড়া বার্তা।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More