সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি: ভারত-এ নতুন অর্থবর্ষের প্রথম দিনেই অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা জেট ফুয়েলের দামে নজিরবিহীন বৃদ্ধি ঘটেছে। একলাফে প্রায় ১১৪.৫ শতাংশ দাম বেড়েছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ )-এর। সরকারি তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্তে এই জ্বালানির দাম প্রথমবারের মতো ২ লক্ষ টাকা প্রতি কিলোলিটার অতিক্রম করেছে, ফলে বিমানযাত্রা আরও ব্যয়বহুল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি তেল বিপণন সংস্থাগুলির এই সিদ্ধান্তের ফলে দিল্লি-তে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ১,১০,৭০৩.০৮ টাকা থেকে বেড়ে ২,০৭,৩৪১.২২ টাকা প্রতি কিলোলিটার হয়েছে, যা প্রায় ১১৪.৫ শতাংশ বৃদ্ধি। দেশের তেল বিপণন সংস্থাগুলি বিমানে ব্যবহৃত জ্বালানির দাম বাড়িয়েছে ১ এপ্রিল থেকে। উল্লেখ্য, গত ১ মার্চও এটির দামে ৫.৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধির ফলে বিমান সংস্থাগুলির পরিচালনাগত খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ফলে টিকিটের দামও বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের উপর। এই মূল্যবৃদ্ধির পিছনে মূল কারণ হিসেবে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতকে দায়ী করা হচ্ছে। স্ট্রেইট অব হরমুজ-এর পরিস্থিতি প্রায় অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে এবং তার প্রভাব পড়েছে জেট ফুয়েলের উপরও।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই বৃদ্ধির পরে রাজধানী দিল্লিতে প্রতি কিলোলিটার জেটফুয়েলের দাম হয়েছে ২ লক্ষ ৭ হাজার ৩৪১.২২ টাকা। কলকাতায় প্রতি কিলোলিটার জেটফুয়েলের দাম হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৯৫৫৩.৩৩ টাকা। মুম্বইয়ে প্রতি কিলোলিটার জেটফুয়েলের দাম হয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৯৬৮.৬৭ টাকা এবং চেন্নাইয়ে প্রতি কিলোলিটার জেটফুয়েলের দাম হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৫৯৭.৬৬ টাকা । জেট ফুয়েল বা এটিএফ-এর দামে পরিবর্তন হয় প্রতি মাসের প্রথম দিনেই। তবে এর আগে একলাফে এতটা দাম কখনও বাড়েনি। এই বিপুল বৃদ্ধির জেরে এই প্রথমবার দেশের বাজারে জেট ফুয়েলের দাম ২ লক্ষ টাকা পার করেছে। উড়ান চলাচলের লাভ-লোকসানে বড় ভূমিকা রয়েছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের। কোনও এয়ারলাইন্সের অপারেশন কস্টের ৩৫ থেকে ৪৫ শতাংশ খরচ হয় ফুয়েলের জন্য। তাই এই ধরনের ফুয়েলের দাম একলাফে দ্বিগুণের বেশি বৃদ্ধিতে উড়ানের টিকিটের খরচ আগামী দিনে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ডোমেস্টিক উড়ান সংস্থাগুলির জন্য অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর মূল্যবৃদ্ধি সর্বোচ্চ ২৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-র সময়ও জেট ফুয়েলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে পরে তা কমে যায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে ইজরায়েল ও আমেরিকা। এর পর থেকে যত দিন গিয়েছে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হয়েছে। ইরানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। বর্তমান পরিস্থিতিতে আবারও জ্বালানি সঙ্কট তীব্র হওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
প্রসঙ্গত , পয়লা এপ্রিল থেকে দেশে মহার্ঘ হল ৫ কেজি এফটিএল (ফ্রি ট্রেড এলপিজি)। এছাড়াও এটিএফ (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল)-এর দামও বৃদ্ধি পেয়েছে। পয়লা এপ্রিল থেকে ৫ কেজি এফটিএল (ফ্রি ট্রেড এলপিজি) সিলিন্ডারের রিফিলের দাম ৫১ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪৯ টাকা। পয়লা এপ্রিল থেকে দেশের মেট্রো শহরগুলিতে এটিএফ (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল)-এর দাম বৃদ্ধি পেয়েছে।
সঙ্কটের পরিস্থিতিতে দাম বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারেরও। একধাক্কায় ১৯ কেজি সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে। পয়লা এপ্রিল থেকেই নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। দিল্লিতে পয়লা এপ্রিল থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৯৫.৫০ টাকা ও কলকাতায় ২১৮ টাকা বেড়েছে। ঘরোয়া এলপিজির পরে এ বার কলকাতায় দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসেরও। কলকাতায় সিলিন্ডার প্রতি ২১৮ টাকা করে বেড়েছে। এর ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম কলকাতায় হল ২,২০৮ টাকা। আর দিল্লিতে ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২০৭৮.৫০ টাকা। একধাক্কায় যা অনেকটাই বেড়েছে, এই বৃদ্ধির ফলে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা চিন্তার মধ্যে পড়লেন।
No Comment! Be the first one.