সকাল সকাল ডেস্ক।
কলকাতা: ২৭ জুন রথযাত্রা, আর সেই দিনই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা—যার মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। সময় গুনছেন প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী। প্রশ্ন একটাই: রথের আগে মিলবে তো বকেয়া টাকার প্রাপ্য অংশ?
১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যকে তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ—প্রায় ১০ হাজার কোটি টাকা—সরকারি কর্মীদের দিতে হবে। রাজ্যের হিসাব অনুযায়ী, পুরো বকেয়া ডিএ মেটাতে মোট খরচ হবে ৪১,৭৭০ কোটি টাকা। এই অবস্থায় আর্থিক সঙ্কটে থাকা নবান্ন ধারাবাহিকভাবে ঋণ নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২৪ জুন রাজ্য ফের ৩,৫০০ কোটি টাকা ঋণ নিতে চলেছে—যার মধ্যে ২,০০০ কোটি ২৫ বছরের মেয়াদি এবং ১,৫০০ কোটি ২৬ বছরের মেয়াদি ঋণ। এর আগে ৩ ও ১৭ জুন যথাক্রমে ২,০০০ কোটি করে আরও দুটি ঋণ নিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে জুন মাসে নবান্ন মোট ৭,৫০০ কোটি টাকার ঋণ নিচ্ছে।
সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি মন্তব্য করেছিলেন, একসঙ্গে পুরো বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্য সরকারের “কোমর ভেঙে যাবে।” আদালত স্পষ্ট করে দেয়, অন্তত ২৫ শতাংশ দিতে হবে ২৭ জুনের মধ্যে। সেই চাপ সামাল দিতেই ঋণের পথেই হাঁটছে রাজ্য, বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
সূত্রের খবর, নবান্ন আদালতের কিছু দিক নিয়ে ‘মডিফিকেশন পিটিশন’ দায়ের করেছে। কিন্তু বর্তমানে গ্রীষ্মাবকাশ থাকায় সেই আবেদন এখনও ওঠেনি। ফলে জুনের মধ্যেই নির্দেশ পালন ছাড়া বিকল্প দেখছেন না আইনজ্ঞরা।
এখন নজর ২৭ জুনের দিকেই—রথের চাকা গড়ানোর আগে বকেয়া ডিএ-র টাকা আদৌ হাতে পাবেন তো সরকারি কর্মীরা?
No Comment! Be the first one.