পথকুকুরকে মারার প্রতিবাদ করায় পিটিয়ে ‘খুন’ করা হল বিষ্ণুপুরের তাঁতশিল্পীকে

সকাল সকাল ডেস্ক।

বাঁকুড়া

পথকুকুরকে খাওয়ানো নিয়ে অশান্তি। প্রতিবাদী বিষ্ণুপুরের তাঁতশিল্পী সুধীন পালকে পিটিয়ে ‘খুন’ করা হল। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পালকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ এলাকায়।

বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা প্রৌঢ় সুধীনবাবু এবং তাঁর ভাই অমিতাভ পাল পথ কুকুরদেরকে নিয়মিত খাবার দিতেন। তাঁদের বাড়ির সামনে কুকুরগুলি ছড়িয়েছিটিয়ে থাকে। এই নিয়ে প্রতিবেশী শৈলেন পাল ও তোতন পালের সঙ্গে বিবাদও হত। ওই দুই ভাই কিছুতেই কুকুরকে খাওয়ানো পছন্দ করে না বলে অভিযোগ। তাই নিয়ে মাঝেমধ্যেই বচসাও হত দুই পরিবারের মধ্যে।

মঙ্গলবার রাতে অমিতাভবাবু দেখেন, দুই ভাই শৈলেন ও তোতন কুকুরদের ইট ছুঁড়ে মারছে। অমিতাভবাবু তার প্রতিবাদ করতেই প্রথমে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁচাতে গিয়ে অমিতাভের স্ত্রীও আক্রান্ত হয় বলে দাবি পরিবারের। প্রতিবেশীরা সেসময় বিবাদ থামিয়ে দেন। ঘটনার বিহিতের জন্য অমিতাভবাবু ও পরিবারের সদস্যরা বিষ্ণুপুর থানায় যান।

দাদা সুধীনবাবু ঘটনার পর বাড়ি ফিরে ভাইকে মারার ঘটনা শুনে একাই রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ জানান। অভিযুক্ত তোতন ও শৈলেন আবার বেরিয়ে আসে। এবার সুধীনবাবুর সঙ্গে বচসা ও হাতাহাতি হয় দুজনের। অভিযোগ, সেসময় দুই ভাই সুধীনকে একা পেয়ে রাস্তার পাশে থাকা ইট দিয়ে বুকে সজোরে আঘাত করে বলে অভিযোগ। তিনি রাস্তাতেই লুটিয়ে পড়েন।

সেই মুহূর্তে ওই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরছিলেন। সুধীন পালকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More