সকাল সকাল ডেস্ক।
নয়াদিল্লি
শনিবার সকালে বোমাতঙ্ক ছড়াল দিল্লির একাধিক স্কুলে। দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল স্কুল, সর্বোদয় বিদ্যালয়ের মতো একাধিক স্কুলে বোমা হামলার হুমকি আসে। জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে স্কুলগুলিতে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল। নিরাপত্তার খাতিরে পড়ুয়াদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়। চলে তল্লাশি। তবে এখনও কোনও বোমা উদ্ধারের খবর মেলেনি।
দিল্লির এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানান, ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল, সর্বোদয় বিদ্যালয় এবং আরও দুটি স্কুল শনিবার সকালে বোমা হামলার হুমকি পায়। দিল্লির দমকল বিভাগ সকাল সাড়ে ৬টায় নজফগড়ের একটি স্কুল থেকে প্রথম ফোন পায় এই বিষয়ে। দমকলের কাছে দ্বিতীয় ফোনও যায় সকাল ৬:৩০ মিনিটে। দমকল তৃতীয় ও চতুর্থ ফোন পায় সকাল ৭:৪৫ মিনিটে। খবর পেয়েই দিল্লি পুলিশ, দমকল বাহিনী, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়।
এক পুলিশ আধিকারিক জানান, দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকি এই প্রথম নয়। এর আগেও বেশ কিছু স্কুলে এই ধরনের হুমকি পাওয়া গেছে। দিল্লি পুলিশের সাইবার সেল তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় দিল্লি সরকারকে নিশানা করেছে আম আদমি পার্টি। তাদের তরফে জানানো হয়েছে, দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকি আবারও পাওয়া গেছে। হাইকোর্টও এর আগে একই রকম হুমকি পেয়েছিল। দিল্লিতে এই ধরনের হুমকি ক্রমাগত দেওয়া হচ্ছে, যা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। কিন্তু বিজেপির দিল্লি পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি মনে হচ্ছে উদ্বিগ্ন নয়। এই হুমকির পিছনে কারা আছে আজ পর্যন্ত তারা তা শনাক্ত করতে পারেনি।
No Comment! Be the first one.