সকাল সকাল ডেস্ক
কলকাতা : পুরুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে “বোমা শিল্পই একমাত্র উন্নতি করছে।”
পুরুলিয়ার ২১ নম্বর ওয়ার্ডের কাপুর বাগান এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং তার পরেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মালব্য দাবি করেছেন, ওই জায়গায় অবৈধভাবে বোমা তৈরির কাজ চলছিল। বিস্ফোরণে অন্তত তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজেপি নেতা অমিত মালব্য স্পষ্ট জানান, পুরুলিয়ার সাধারণ মানুষের এই ঘটনার নেপথ্যের সত্য তথ্য জানার অধিকার আছে। বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো ইতিমধ্যেই ঘটনার গুরুত্ব বিচার করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।
মালব্য প্রশ্ন তুলেছেন যে, স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী কি এবারও “প্রযুক্তিগত কারণ” দেখিয়ে সত্য আড়াল করার চেষ্টা করবেন? তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা চলবে না এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।
পুরুলিয়ায় এই বিস্ফোরণের ঘটনা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
No Comment! Be the first one.